চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার মেয়ে এলিজা আজাদ রহমান টুম্পা অস্ট্রেলিয়ার সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ান লেবার পার্টির মনোনয়নে তিনি এ দায়িত্ব পেয়েছেন।
এলিজা আজাদ রহমান টুম্পা দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। প্রায় দুই বছর আগে তিনি বসবাসরত ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন। এরপর থেকে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এবার সেই দায়িত্বের পাশাপাশি ডেপুটি মেয়রের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন দর্শনার এই কৃতী সন্তান।
এলিজা আজাদ রহমান টুম্পা চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদের মেয়ে।
মেয়ের এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাবা আজাদুল ইসলাম আজাদ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, এলিজার এই অর্জন তাঁর নিজের, পরিবারের এবং অবশ্যই বাঙালির জন্য গৌরবের।
তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সবার কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন, যাতে এলিজা নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সুষ্ঠু ও সফলভাবে পালন করতে পারেন এবং তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে পরিবার ও বাংলাদেশিদের গৌরবান্বিত করতে পারেন।
দর্শনার মেয়ে এলিজা আজাদ রহমান টুম্পার এই সাফল্যে স্থানীয়দের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।


