চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজারপাড়া থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে রেলস্টেশনসংলগ্ন একটি বদ্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রবিউল ইসলাম উথলী বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিলেন। বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করলেও সম্প্রতি তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সোমবার দিনভর উথলী বাজার এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। প্রথমে বিষয়টি নিয়ে নানা আলোচনা হলেও পরে ব্যবসায়ীদের ধারণা হয়, কোনো মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াতে পারে। বিষয়টি নিশ্চিত হতে রাত সাড়ে ১১টার দিকে উথলী বাজারের এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে রাত ১২টার দিকে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে বদ্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে ভেতরে একটি মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পুলিশ সদস্যরা। এরপর দরজা খুলে রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, একাকী অবস্থায় কোনো এক সময় রবিউল আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঠিক কতদিন আগে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা, প্রায় এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। দীর্ঘ সময় পড়ে থাকায় মরদেহটির বেশিরভাগ অংশ পচে-গলে গেছে এবং সেখান থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছিল।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে বদ্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে ভেতরে একটি মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে দরজা খুলে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের বেশিরভাগ অংশ পচে-গলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক আগে তার মৃত্যু হতে পারে।’
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
চুয়াডাঙ্গা ডট নেট/জীবননগর


