বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধানের ব্যস্ততার সঙ্গে সময় মিললে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। তবে সফরের দিনক্ষণ নির্ধারণের বিষয়টি দুই দেশের সরকারপ্রধানের সময়সূচির ওপর নির্ভর করছে। সময়ের সমন্বয় হলে সফরটি অনুষ্ঠিত হবে।
এর আগে গত আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়। ভারত সরকারের পক্ষ থেকেও সফরের বিষয়ে আগ্রহের কথা বিভিন্ন সময়ে জানা যায়। তবে শেষ পর্যন্ত আগস্টে প্রধানমন্ত্রীর দিল্লি সফর হয়নি।
এদিকে, নয়াদিল্লিতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনার আয়োজনের অনুমতি না দেওয়ার বিষয়টিকেও বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
গত ২৯ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছিল। তবে দিল্লি পুলিশের বাধার মুখে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিল করা হয়।
এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, ঘটনাটিকে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েও ব্রিফিংয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, এটি কোনো ধরনের চাপের কারণে নেওয়া সিদ্ধান্ত নয়; বাংলাদেশের নিজস্ব প্রয়োজন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশকে ভবিষ্যতে এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।


