শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করেছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।
ফরম সংগ্রহের পর পয়গাম আলী সাংবাদিকদের বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। দল তাকে চূড়ান্ত মনোনয়ন দিলে নির্বাচনে ভালো ফল করার আশা প্রকাশ করেন তিনি।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট তিনজন। অন্য দুজন হলেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র)।
মির্জা ফয়সল আমীন দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে সক্রিয়। ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর জেলা বিএনপির সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি ঠাকুরগাঁও পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দলীয় রাজনীতিতে যুক্ত রয়েছেন।
রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মির্জা ফয়সল আমীন বিএনপির বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। তবে দীর্ঘদিনের স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে জেলা পর্যায়ে নিজের সাংগঠনিক অবস্থান তৈরি করেছেন তিনি।
এবার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন তিনি। তবে চূড়ান্ত প্রার্থী কে হবেন, সে সিদ্ধান্ত বিএনপির মনোনয়ন বোর্ডের। দলীয় সূত্র অনুযায়ী, মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় ১৬ সেপ্টেম্বর এবং ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য হওয়ায় এই উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে।


