সাতক্ষীরা শহরের তালতলা এলাকায় সড়কের পাশের একটি নর্দমা থেকে কহিনুর বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত কহিনুর বেগম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেলারডাঙ্গী এলাকার বাসিন্দা। তবে বর্তমানে তিনি পাটকেলঘাটা থানা এলাকায় বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলা এলাকার একটি খাদ্য কারখানায় কাজ করতেন তিনি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে তালতলা এলাকায় সড়কের পাশে একটি দোকানের পেছনের নর্দমায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহতের ভাই ইমরান হোসেন বলেন, তার বোন কহিনুর বেগম তালতলা এলাকার ‘বিসমিল্লাহ ফুড ফ্যাক্টরি’তে কাজ করতেন। কীভাবে তিনি সেখানে গিয়ে মারা গেলেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা এখনো কিছু জানতে পারেননি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


