লোগো
Advertisement

কোটচাঁদপুরে ৩ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ এএম
Advertisement

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদরাসার তিন আবাসিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আবুল বাশার (৩৩) নামে এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেন। ওই মামলায় আবুল বাশারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি কোটচাঁদপুর পৌরসভার দুধসর এলাকায় অবস্থিত দারুল উলুম মাদরাসার প্রধান শিক্ষক। তাঁর বাড়ি উপজেলার হরিন্দিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনে মাদরাসাটির তিন আবাসিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে প্রধান শিক্ষক আবুল বাশারের বিরুদ্ধে। সোমবার এক শিক্ষার্থীর দাদা মাদরাসায় গেলে ওই শিক্ষার্থী তাঁর কাছে বিষয়টি জানায়। পরে তিনি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

ঘটনার কথা জানাজানি হওয়ার পর পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে সন্ধ্যার পর মাদরাসায় গিয়ে ওই শিক্ষকের কাছে এর জবাব চান। একপর্যায়ে তাঁকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল বাশারকে আটক করে।

পরে রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেন। ওই মামলায় আবুল বাশারকে গ্রেপ্তার দেখানো হয়।

ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, “ছাত্রদের সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে, যা কোনো অভিভাবকের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাদরাসার তিন শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক আবুল বাশারকে আটক করা হয়। পরে এক শিক্ষার্থীর বাবা থানায় মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি আরও বলেন, আবুল বাশারের কক্ষ থেকে যৌন উত্তেজক হিসেবে ব্যবহৃত কিছু হারবাল ওষুধ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আবুল বাশারকে মঙ্গলবার আদালতে পাঠানো হচ্ছে।

তবে তিন শিক্ষার্থীর অভিযোগের সত্যতা, ঘটনার প্রকৃত ধরন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবুল বাশারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও সংবাদ লোড হচ্ছে...