লোগো
Advertisement

মুজিবনগরে খোয়া ভাঙার মেশিন উল্টে শ্রমিক নিহত

মুজিবনগর প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম
Advertisement

মেহেরপুরের মুজিবনগরে খোয়া ভাঙার মেশিন উল্টে লিখন হোসেন (২৭) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বল্লভপুর গ্রামের সমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত লিখন হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহত লিখন হোসেন মুজিবনগর উপজেলার দারিয়ারপুর খানপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে মুজিবনগর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক সমিতির কার্যালয় থেকে কয়েকজন শ্রমিক একটি খোয়া ভাঙার মেশিন নিয়ে আনন্দবাস গ্রামের দিকে যাচ্ছিলেন। মেশিনটি বল্লভপুর গ্রামের সমিল এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মেশিনটি সড়কের ওপর উল্টে যায়।

এ সময় মেশিনের নিচে চাপা পড়েন লিখন হোসেন। দুর্ঘটনায় সঙ্গে থাকা আরও কয়েকজন শ্রমিক আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে লিখন হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও সংবাদ লোড হচ্ছে...