এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের নতুন মৌসুমে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইন। নিজেদের মাঠে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরকে ৪-০ গোলে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে আল আইনের হয়ে জোড়া গোল করেছেন হুসেইন রহিমি। একটি করে গোল এসেছে তার ভাই সোফিয়ান রহিমি ও জর্জোস ইয়াকুমাকিসের পা থেকে।
শুরু থেকেই ম্যাচে আক্রমণের ঝাঁজ ছিল। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে আল আইন। আলেহান্দ্রো রোমেরোর বাড়ানো বলে হুসেইন রহিমির নেওয়া শট পোস্টে লেগে ফিরে এলে অল্পের জন্য গোলবঞ্চিত হয় স্বাগতিকরা।
আল নাসরও অবশ্য বসে ছিল না। ১৭ মিনিটে কর্নার থেকে ইনিগো মার্তিনেজের হেড বিপদ তৈরি করলেও দুর্দান্ত সেভে আল আইনকে রক্ষা করেন গোলরক্ষক খালিদ ঈসা।
তবে ২৫ মিনিটে আর ভুল করেনি আল আইন। আল নাসরের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বল দখলে নেন হুসেইন রহিমি। এরপর গোলরক্ষক নাওয়াফ আল আকিদিকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। এতে এগিয়ে যায় স্বাগতিকরা।
বিরতির আগে সমতা ফেরানোর চেষ্টা করে আল নাসর। কর্নার থেকে মোহাম্মদ সিমাকানের হেড সামান্য বাইরে চলে যায়। এরপর রোনালদোও একটি সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু অফসাইডের কারণে তা কাজে লাগেনি।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আল আইন। ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুসেইন রহিমি। ডান প্রান্ত থেকে রোমেরোর বাড়ানো ক্রসে প্রথম ছোঁয়াতেই বল জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।
এর নয় মিনিট পরই আল নাসরের কফিনে আরেকটি পেরেক ঠোকে স্বাগতিকরা। ৭২ মিনিটে রোমেরোর পাস থেকে ডান পায়ের নিখুঁত শটে গোল করেন সোফিয়ান রহিমি। ভাইয়ের পর গোলের তালিকায় নাম লেখান তিনিও।
ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আল আইনের চতুর্থ গোল। সোফিয়ান রহিমির সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর নিচু শটে আল নাসরের জালে বল পাঠান জর্জোস ইয়াকুমাকিস।
পুরো ম্যাচেই মাঠে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে আল আইনের সংগঠিত রক্ষণ ও আক্রমণের সামনে ম্যাচজুড়ে নিজের স্বাভাবিক প্রভাব বিস্তার করতে পারেননি পর্তুগিজ তারকা।
শেষ পর্যন্ত রোনালদোর আল নাসরকে ৪-০ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের নতুন মৌসুমে নিজেদের শক্তির জানান দিল আল আইন।


