লোগো
Advertisement

জ্বালানি তেলের দাম বাড়ায় কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বাড়ল

নিজস্ব প্রতিবেদক ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পিএম
Advertisement

জ্বালানি তেলের দাম বাড়ার পর কন্টেইনার হ্যান্ডলিং ও সংশ্লিষ্ট বিভিন্ন সেবার চার্জ গড়ে ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়েছে বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ)। নতুন এ হার সোমবার থেকেই কার্যকর হয়েছে।

এ বিষয়ে সোমবার সংগঠনটির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বিআইসিডিএ মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, সরকার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, যা প্রায় ১৭ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি।

তিনি বলেন, কন্টেইনার হ্যান্ডলিংয়ের বিভিন্ন ধাপে আলাদা আলাদা সেবা ও চার্জ রয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এসব সেবার ওপর গড়ে ৯ দশমিক ৮৫ শতাংশ হারে চার্জ সমন্বয় করা হয়েছে।

বিআইসিডিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ছয়টি ক্ষেত্রে সারচার্জ বাড়ানো হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দর ও ইনল্যান্ড কন্টেইনার ডিপোর (আইসিডি) মধ্যে এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) থেকে আইসিডিতে খালি কন্টেইনার পরিবহনের চার্জ রয়েছে।

এ ছাড়া রপ্তানি পণ্যবাহী কন্টেইনারের বিভিন্ন ধরনের হ্যান্ডলিং ও পরিবহন সেবার চার্জও বাড়ানো হয়েছে। এর মধ্যে ইয়ার্ড থেকে খালি কন্টেইনার উত্তোলন, সিএফএস শেডে খালি কন্টেইনার নেওয়া, খালি কন্টেইনারে রপ্তানি পণ্য বোঝাই এবং বোঝাই করা কন্টেইনার ইয়ার্ডে নেওয়ার খরচ রয়েছে।

জাহাজ নির্ধারণের পর লোড ইয়ার্ডে রপ্তানি পণ্যভর্তি কন্টেইনার উত্তোলন এবং চট্টগ্রাম বন্দর ও পিসিটি পর্যন্ত ওই কন্টেইনার পরিবহনের চার্জও নতুন হারে নির্ধারণ করা হয়েছে।

রপ্তানি পণ্যভর্তি কন্টেইনারের ভেরিফায়েড গ্রস মাস (ভিজিএম) সংক্রান্ত সেবার চার্জও বাড়ানো হয়েছে। এর আওতায় লোড ইয়ার্ড থেকে কন্টেইনার উত্তোলন, ওয়েইং স্কেলে পরিবহন, ওজন পরিমাপ এবং ওজন নেওয়ার পর কন্টেইনারটি পুনরায় লোড ইয়ার্ডে নেওয়া ও উত্তোলনের মতো সেবাগুলো রয়েছে।

একই সঙ্গে আমদানি পণ্য ডেলিভারির ক্ষেত্রেও বাড়ানো হয়েছে চার্জ। নতুন হারের আওতায় চট্টগ্রাম বন্দর ও পিসিটি থেকে আইসিডিতে আমদানি পণ্যভর্তি কন্টেইনার পরিবহন, আইসিডিতে কন্টেইনার উত্তোলন, ডেলিভারি ইয়ার্ডে রাখা এবং শ্রমিকদের মাধ্যমে কন্টেইনার থেকে ট্রাকে পণ্য নামিয়ে দেওয়ার খরচ অন্তর্ভুক্ত রয়েছে।

বিআইসিডি জানিয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই সংশ্লিষ্ট সেবাগুলোর চার্জ পুনর্নির্ধারণ করা হয়েছে।

আরও সংবাদ লোড হচ্ছে...