লোগো
Advertisement

চলতি সপ্তাহেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক ৩১ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম
Advertisement

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি সপ্তাহের মধ্যেই নতুন পে-স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন বেতন কাঠামো নিয়ে একটি নয়, একাধিক প্রজ্ঞাপন জারি করা হবে। পাশাপাশি আইনগত ভেটিং শেষ হওয়ার পর কিছু বিষয় এসআরও (স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার) আকারেও প্রকাশ করা হবে।

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাব্য সময় জানতে চাইলে তিনি বলেন, চলতি সপ্তাহের মধ্যেই তা হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এ ক্ষেত্রে একাধিক গেজেট প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বশেষ জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। এরপর দীর্ঘ সময় নতুন কোনো বেতন কাঠামো দেওয়া হয়নি।

মূল্যস্ফীতি বৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোকে সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ২০২৫ সালে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়।

তিনি আরও জানান, জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পাওয়ার পর নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের পক্ষ থেকে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত আটটি বৈঠক করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও সংশ্লিষ্ট বিভিন্ন আর্থিক সুবিধায় পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও সংবাদ লোড হচ্ছে...