লোগো
Advertisement

তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম
Advertisement

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বহিষ্কৃত দুই নেতা হলেন জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হক এবং ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈম। আর শোকজ পাওয়া নেতা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে সরকার জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।

এর পরদিন জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে ফেসবুকে নিজেদের প্রতিক্রিয়া জানান ছাত্রদলের কয়েকজন নেতা। তাঁদের মধ্যে জাকিরুল হক ও নাঈমকে বহিষ্কার এবং সাজ্জাদ হোসাইন হৃদয়কে শোকজ করার বিষয়টি সামনে আসে।

জাকিরুল হক বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সোমবার সকালে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টের পরই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নাঈমও দাবি করেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণেই তাঁকে বহিষ্কার করা হয়েছে।

তবে বহিষ্কারের বিষয়ে ছাত্রদলের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে’ ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুক পোস্টের বিষয়টি উল্লেখ করা হয়নি।

অন্যদিকে সাজ্জাদ হোসাইন হৃদয়কে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গণমাধ্যমকে তিনি শোকজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি।

হৃদয় বলেন, দলের প্রতি তিনি সবসময় অনুগত। শোকজের জবাব নির্ধারিত সময়ের মধ্যেই কেন্দ্রীয় কমিটির কাছে দেওয়া হবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এ সিদ্ধান্ত নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। এর মধ্যেই ছাত্রদলের এই তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।

আরও সংবাদ লোড হচ্ছে...