সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নির্ধারিত হারের চেয়ে এক পয়সাও বেশি ভাড়া নেওয়া যাবে না। বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে ওই পরিবহনকে আর রুট পারমিট দেওয়া হবে না।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া সমন্বয়ের বিষয়ে মন্ত্রী বলেন, প্রচলিত আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালার হিসাব অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাসভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা বাড়ানোর হিসাব করা হয়। সে হিসাবে লিটারে ২০ টাকা জ্বালানির দাম বাড়ায় কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর সুযোগ ছিল।
তবে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে এর চেয়ে কম হারে, প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
শেখ রবিউল আলম বলেন, নির্ধারিত ১৭ পয়সার অতিরিক্ত কোনো ভাড়া আদায় করা যাবে না। এ বিষয়ে নিয়মিত মনিটরিং করা হবে এবং অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রেল ও নৌপথের ভাড়া বাড়ানোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হবে।
রেলভাড়া প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে ট্রেনের ভাড়া যেন না বাড়ে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে।
এর আগে মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠক শেষে বাসভাড়ার নতুন হার সম্পর্কে জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
নতুন নির্ধারিত হারে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার দূরপাল্লা ও মহানগর—দুই ধরনের বাসের ভাড়াই প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।


