লোগো
Advertisement

সাইবার অপরাধ ঠেকাতে পূর্ণাঙ্গ ইউনিট গঠনের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ এএম
Advertisement

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ সদস্যদের আধুনিক ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) পরিচালনা বোর্ডের ২১তম সভায় এসব কথা জানান তিনি।

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে ইউনিট

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার সায়েন্সে দক্ষ অনেক কর্মকর্তা রয়েছেন। তাদের দক্ষতা কাজে লাগিয়ে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করা হচ্ছে।

বর্তমানে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিট এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিভিন্ন ধরনের ডিজিটাল অপরাধের তদন্ত ও ফরেনসিক বিশ্লেষণের কাজ করছে। তবে এসব কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করতে একটি স্থায়ী কাঠামোর প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

বাড়ানো হবে প্রশিক্ষণের সুযোগ

পুলিশ সদস্যদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের মনোবল বৃদ্ধিতেও প্রশিক্ষণকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মাস্টার ট্রেইনার পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা আরও বাড়াতে দেশের অভ্যন্তরে প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। প্রয়োজনে বিদেশি প্রশিক্ষক এনে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগও নেওয়া হবে।

আধুনিক প্রশিক্ষণ সুবিধা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সাইবার অপরাধসহ অন্যান্য অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে।

পিএসসি সভায় নানা বিষয়ে আলোচনা

বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের সভায় বাধ্যতামূলক প্রশিক্ষণ, বিদেশে প্রশিক্ষণের জন্য অর্থ বরাদ্দ, গবেষণা ও উদ্ভাবন সেন্টার প্রতিষ্ঠা এবং পিএসসির অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় মাস্টার্স ইন ফরেনসিক সায়েন্স এবং মাস্টার্স ইন ফিন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড গভর্ন্যান্স কোর্স চালুর বিষয়টিও উঠে আসে। এ ছাড়া সার্কভুক্ত দেশগুলোর জন্য প্রশিক্ষণ কার্যক্রমসহ পিএসসির বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

সভা শেষে পুলিশ স্টাফ কলেজের ক্যাম্পাস পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আরও সংবাদ লোড হচ্ছে...