লোগো
Advertisement

সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ফের অনিশ্চয়তা, ছাড়পত্রে নেই অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ এএম
Advertisement

সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত যুদ্ধভিত্তিক সিনেমা ‘মাতৃভূমি’র মুক্তি নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সিনেমাটির সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়ায় শিগগির অগ্রগতি হতে পারে—এমন খবর ছড়ালেও বাস্তবে এখনো ছবিটির স্ক্রিনিংয়ের কোনো নির্দিষ্ট অগ্রগতি হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, খুব শিগগির সিবিএফসির সামনে ‘মাতৃভূমি’র প্রদর্শনী হতে পারে। এমনকি আগামী সপ্তাহেই ছবিটির স্ক্রিনিং হওয়ার সম্ভাবনার কথাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

তবে বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত সিবিএফসি স্ক্রিনিং নিয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ফলে আগের অবস্থাতেই রয়েছে সিনেমাটির সার্টিফিকেশন প্রক্রিয়া।

প্রতিবেদনটিতে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সিনেমাটিকে ঘিরে জটিলতার অন্যতম কারণ এর চীন-সংক্রান্ত বিষয়বস্তু। সমস্যাটি সমাধানে নির্মাতারা কাজ করছেন। এ বিষয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গেছে।

২০২৬ সালে মুক্তি নিয়েও প্রশ্ন

‘মাতৃভূমি’ কবে মুক্তি পাবে, সে বিষয়ে বর্তমানে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। সংশ্লিষ্টরা দ্রুত জটিলতার সমাধান করতে পারলে পরিস্থিতি বদলাতে পারে। আবার বিষয়টি আরও কয়েক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে চলার সম্ভাবনাও রয়েছে।

এ কারণে ২০২৬ সালেই সিনেমাটি দর্শকদের সামনে আসবে কি না, সেটিও এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। এর আগে জুলাইয়ে সিনেমাটির মুক্তি ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে যাওয়ার খবর প্রকাশ পেয়েছিল। পরে নতুন পোস্টার প্রকাশ করে ২০২৬ সালে সিনেমাটি মুক্তির ইঙ্গিত দেন নির্মাতারা।

তবে শেষ পর্যন্ত ছবিটির মুক্তির সময় নির্ভর করছে সিবিএফসি ছাড়পত্রের ওপর। সার্টিফিকেশন-সংক্রান্ত জটিলতা মিটলেই মুক্তির তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে।

গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে সিনেমা

‘মাতৃভূমি’ সিনেমাটির ঘোষণা প্রথমে ‘ব্যাটল অব গালওয়ান’ নামে দেওয়া হয়েছিল। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’।

২০২০ সালে ভারত ও চীনের সেনাদের মধ্যে গালওয়ান উপত্যকায় সংঘাতের ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির গল্প নির্মিত হয়েছে। এতে সালমান খানকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এরই মধ্যে ছবিতে ‘চীন’ শব্দটির উল্লেখ বাদ দেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

ফলে ‘মাতৃভূমি’ একদিকে যেমন সালমান ভক্তদের কৌতূহলের কেন্দ্রে রয়েছে, অন্যদিকে সিবিএফসি ছাড়পত্রের জটিলতার কারণে এর মুক্তি নিয়ে অনিশ্চয়তাও ক্রমেই বাড়ছে।

আরও সংবাদ লোড হচ্ছে...