লোগো
Advertisement

নড়াগাতীতে যুবককে কুপিয়ে হত্যা, বিরোধের নেপথ্যে ডাকাতি-মাদক ব্যবসা

নিজস্ব প্রতিবেদক ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএম
Advertisement

নড়াইলের নড়াগাতীতে নুর আরাফাত মোল্লা (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ডাকাতির মালামাল ভাগাভাগি ও মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নড়াগাতী উপজেলার দেবদুন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুর আরাফাত ওই গ্রামের মোকিদুল মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে কয়েকজন ব্যক্তি নুর আরাফাতকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। তিনি বাড়ির বাইরে আসার পর তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে যান তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস নিশাত তাকে মৃত ঘোষণা করেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী বলেন, নুর আরাফাত মোল্লা ও একই গ্রামের কবির হোসেন আগে একসঙ্গে ডাকাতি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ডাকাতির মালামাল ও মাদক ব্যবসা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, নিহত নুর আরাফাতের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে। তার বিরুদ্ধে ছয়টি গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও সংবাদ লোড হচ্ছে...