চুয়াডাঙ্গায় দায়িত্ব নেওয়ার পর জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুরুতেই উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন পুলিশ সুপার। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, চুয়াডাঙ্গায় জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। এ জন্য মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক-মহাসড়কে সিন্ডিকেট ও চাঁদাবাজি দমন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন নবাগত পুলিশ সুপার। একই সঙ্গে অনলাইন জুয়া, সাইবার বুলিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ, প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে এসপি মেহেদী শাহরিয়ার বলেন, প্রকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সমন্বয় বজায় রেখে কাজ করা গেলে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম আরও কার্যকর হবে।
মতবিনিময় সভায় সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে নবাগত এসপির মতবিনিময়, মাদক-চোরাচালান দমনে গুরুত্ব
বিশেষ সংবাদ থেকে আরও পড়ুন


