লোগো
Advertisement

এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার সুলতানা

নিজস্ব প্রতিবেদক ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ এএম
Advertisement

বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়কত্বে আসছে পরিবর্তন। ২০ ওভারের ক্রিকেটে নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। এশিয়ান গেমস শেষ হওয়ার পরই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তার অধ্যায় শেষ হবে।

তবে ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন ২৯ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার। ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও মনোযোগ দেওয়ার লক্ষ্যেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার—ক্রিকবাজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাপান থেকে চিঠির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন নিগার। বিসিবি সভাপতি তামিম ইকবালও তার সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

২০২২ সালে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান নিগার। তার নেতৃত্বে দলের উল্লেখযোগ্য সাফল্যের একটি আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে দীর্ঘ ১০ বছর পর বিশ্বকাপের মূলপর্বে জয় পায় বাংলাদেশ।

ওই আসরেও ব্যাট হাতে দলের হয়ে কার্যকর ভূমিকা রাখেন নিগার। চার ইনিংসে করেন ১০৪ রান। উইকেটের পেছনে তার শিকার ছিল সাতটি ডিসমিসাল।

তবে অধিনায়ক হিসেবে নিগারের সময়টা সবসময় সাফল্যময় ছিল না। ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হলেও দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। পরে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও প্রত্যাশামতো ধারাবাহিকতা দেখা যায়নি। সবশেষ বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে বাংলাদেশের জয় ছিল মাত্র দুটি।

এসব ফলাফলের পর টি-টোয়েন্টিতে নিগারের নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই এশিয়ান গেমসের পর সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানালেন তিনি। তবে ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়ে যাবেন নিগার।

৮০ ম্যাচে নেতৃত্ব

নিগার সুলতানার অধিনায়কত্বে এখন পর্যন্ত ৮০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী দল। এর মধ্যে ৩২ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ, ৪৭ ম্যাচে হেরেছে এবং একটি ম্যাচের ফল হয়নি।

এশিয়ান গেমস শেষ হওয়ার পর টি-টোয়েন্টিতে নতুন অধিনায়কের অধীনে পথচলা শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আরও সংবাদ লোড হচ্ছে...