লোগো
Advertisement

বিগ বস সঞ্চালনায় কে কত নেন পারিশ্রমিক

নিজস্ব প্রতিবেদক ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম
Advertisement

ভারতের টেলিভিশন জগতের অন্যতম আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’। প্রতিযোগীদের ঝগড়া, মতবিরোধ, আবেগ আর নানা নাটকীয়তায় প্রায় প্রতিটি মৌসুমেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকে অনুষ্ঠানটি। আর এই পুরো আয়োজনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান অনুষ্ঠানের সঞ্চালকরা।

হিন্দি ভাষার পাশাপাশি ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও জনপ্রিয় ‘বিগ বস’-এর সংস্করণ রয়েছে। সময়ের সঙ্গে এসব সংস্করণের সঞ্চালকের তালিকায় যুক্ত হয়েছেন সিনেমার জনপ্রিয় তারকা ও সাবেক ক্রিকেটাররা। পারিশ্রমিকের অঙ্কেও রয়েছে বড় পার্থক্য।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘বিগ বস’-এর বিভিন্ন সংস্করণের সঞ্চালকদের আনুমানিক পারিশ্রমিক তুলে ধরা হলো

সালমান খান বিগ বস হিন্দি

‘বিগ বস’-এর সঙ্গে সবচেয়ে দীর্ঘ সময়ের সম্পর্ক বলিউড সুপারস্টার সালমান খানের। চতুর্থ মৌসুম থেকে হিন্দি সংস্করণের সঞ্চালকের দায়িত্ব পালন করে আসছেন তিনি।

সর্বশেষ মৌসুমের জন্য সালমানের পারিশ্রমিক ২৫০ থেকে ৩০০ কোটি রুপির মধ্যে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২২ থেকে ৩৮৬ কোটি টাকার কাছাকাছি। তবে কিছু প্রতিবেদনে তার পারিশ্রমিক ২০০ কোটি রুপি বলেও উল্লেখ করা হয়েছে।

সৌরভ গাঙ্গুলি বিগ বস বাংলা

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে দেখা গেছে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। ‘বিগ বস বাংলা’র সঞ্চালনার জন্যও বড় অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন বলে খবর রয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বাংলা সংস্করণের সঞ্চালনার জন্য সৌরভ প্রায় ১২৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬১ কোটি টাকার সমান।

এই অঙ্কের কারণে ‘বিগ বস’ ফ্র্যাঞ্চাইজির অন্যতম বেশি পারিশ্রমিক পাওয়া সঞ্চালকদের তালিকায় উঠে এসেছে সৌরভের নাম।

বিজয় সেতুপতি বিগ বস তামিল

তামিল সংস্করণের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। তার আগে এই অনুষ্ঠানের দায়িত্ব সামলেছেন অভিনেতা কমল হাসান।

বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রতি মৌসুমে বিজয় সেতুপতির পারিশ্রমিক প্রায় ৭৫ থেকে ৮০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ আনুমানিক ৯৬ থেকে ১০৩ কোটি টাকা।

নাগার্জুনা আক্কিনেনি বিগ বস তেলুগু

তেলুগু সংস্করণের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি। তৃতীয় মৌসুম থেকে অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করছেন তিনি।

দীর্ঘদিনের এই সম্পর্কের সঙ্গে বেড়েছে তার পারিশ্রমিকও। বর্তমানে প্রতি মৌসুমে নাগার্জুনা প্রায় ৩৫ কোটি রুপি পান বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৫ কোটি টাকার বেশি।

মোহনলাল বিগ বস মালায়ালাম

মালায়ালাম সংস্করণের প্রথম মৌসুম থেকেই ‘বিগ বস’-এর সঙ্গে রয়েছেন অভিনেতা মোহনলাল। শুরু থেকেই তার সঞ্চালনায় দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে অনুষ্ঠানটি।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে প্রতি মৌসুমে মোহনলালের পারিশ্রমিক প্রায় ৩০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৮ কোটি ৬৭ লাখ টাকা।

কিচ্চা সুদীপ বিগ বস কন্নড়

কন্নড় সংস্করণের প্রথম মৌসুম থেকেই সঞ্চালকের দায়িত্ব পালন করছেন অভিনেতা ও নির্মাতা কিচ্চা সুদীপ। দীর্ঘ সময় ধরে অনুষ্ঠানটির সঙ্গে থাকার পাশাপাশি তিনি এর অন্যতম পরিচিত মুখে পরিণত হয়েছেন।

চলতি মৌসুমে সুদীপের পারিশ্রমিক প্রায় ২০ কোটি রুপি বলে জানা গেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৫ কোটি ৭৮ লাখ টাকা।

‘বিগ বস’-এর বিভিন্ন সংস্করণে সঞ্চালকদের পারিশ্রমিক নিয়ে যে অঙ্কগুলো সামনে আসে, সেগুলো মূলত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দেওয়া তথ্য। অনুষ্ঠান কর্তৃপক্ষ বা তারকাদের পক্ষ থেকে সব ক্ষেত্রেই আনুষ্ঠানিকভাবে এসব পারিশ্রমিকের অঙ্ক নিশ্চিত করা হয়নি।

আরও সংবাদ লোড হচ্ছে...