লোগো
Advertisement

পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অপরাধ দমনে কঠোর হওয়ার নির্দেশ চুয়াডাঙ্গার পুলিশ সুপারের

নিজস্ব প্রতিবেদক ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
Advertisement

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

সভায় আগস্ট মাসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। এ সময় বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারসহ পুলিশের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে পুলিশের কার্যক্রমও পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে অভিযান আরও জোরদার এবং মামলার তদন্তের মান ও গতি বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। মামলার তদন্তের মান বাড়ানোর পাশাপাশি দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, মামলা তদন্ত ও অপরাধ দমনে কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি পুলিশ সদস্যদের জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মোঃ সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাসসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ লোড হচ্ছে...