সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন নীতিমালা গ্রহণ করেছে মাজার পরিচালনা কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন প্রকাশ্যে দানবাক্স খোলা হবে এবং সবার সামনে অর্থ গণনা করা হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউসে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উপস্থিতিতে অনুষ্ঠিত মাজার পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের বিষয়টি জানান কমিটির নবনিযুক্ত সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
জেলা প্রশাসক বলেন, দানবাক্সের অর্থ উত্তোলন, গণনা ও হিসাব সংরক্ষণের পুরো প্রক্রিয়াকে নিয়মতান্ত্রিক করতে দ্রুত একজন ম্যানেজার, একজন হিসাবরক্ষক এবং একজন অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে নতুন নীতিমালা কার্যকর হবে।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন দানবাক্স থেকে পাওয়া অর্থের ৩৫ শতাংশ একটি নির্ধারিত ব্যাংক হিসাবে জমা থাকবে। এই অর্থ শুধুমাত্র মাজারের স্থায়ী উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও সংস্কারসহ উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।
অবশিষ্ট ৬৫ শতাংশ অর্থ আগের নিয়মেই মাজারের খাদেমদের কাছে হস্তান্তর করা হবে। এই অর্থ দিয়ে মাজারের দৈনন্দিন পরিচালনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য প্রশাসনিক ব্যয় মেটানো হবে।
প্রশাসনের তদারকিতে গঠিত নতুন পরিচালনা কমিটির এ উদ্যোগের মাধ্যমে মাজারের দানের অর্থের সুষ্ঠু বণ্টন ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে নতুন নীতিমালা: প্রতিদিন প্রকাশ্যে খোলা হবে, ৩৫% যাবে উন্নয়ন তহবিলে
সারাদেশ থেকে আরও পড়ুন


