চুয়াডাঙ্গা সদর উপজেলায় দ্রুতগতির একটি পিকআপ ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. ফাহিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাখিভ্যানের আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপসহ এর চালককে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সদর থানার নয়মাইল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নয়মাইল এলাকায় একটি দ্রুতগতির পিকআপ বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত পাখিভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় পাখিভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন বছর বয়সী শিশু ফাহিম ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়। একই ঘটনায় ভ্যানে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন।
আহতরা হলেন— সদর উপজেলার হাসানহাটি গ্রামের বাবলুর স্ত্রী মোছা. মাহফুজা (৪০), দশমী দিঘিরপাড়া গ্রামের মৃত গফুরের ছেলে মো. লিয়াকত (৬৫) এবং একই গ্রামের মামুনের স্ত্রী মোছা. শিউলি (৪০)।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে আশঙ্কাজনক অবস্থায় শিশু ফাহিমকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং অন্তত তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত পিকআপ ও এর চালককে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


