ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ জনের মধ্যে ৯ জন চুয়াডাঙ্গার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তবে নিহত বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বেপরোয়া গতির বাসটি অন্য একটি যানবাহনকে ওভারটেকিং করার চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার এবং হতাহত ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। হাইওয়ে পুলিশের কাছে চুয়াডাঙ্গার রুকুনুজ্জামানের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আহতদের পরিচয়
ভয়াবহ এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাসিন্দা নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫) ও হাসিব (২২) রয়েছেন। এছাড়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আহত ব্যক্তিরা হলেন শাহিন আক্তার (৩২), সন্দীপন বসু (৪০) ও বোরহান উদ্দিন (৫৫)।
অন্যান্য জেলার আহতদের মধ্যে রয়েছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার গিলবাড সরকার (৫৫) ও তরিকুল ইসলাম (৩৬); ঝিনাইদহের মহেশপুরের অনিফিন (১৭) ও তিশা (২৪); মাগুরা সদর উপজেলার রায়হান (২১) ও হৃদয় (৩০) এবং ঢাকার আফতাবনগরের বাসিন্দা ইকরাম (৪০)।

