জামায়াত প্রার্থী সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছেন: মির্জা ফয়সল

ফয়সল আমীনের ভাষ্য, ভোটারদের মধ্যে এবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে জামায়াতের প্রার্থী ও তার সমর্থকেরা মিথ্যা অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।
জামায়াতের প্রার্থীর টাকা দিয়ে ভোট কেনার আশঙ্কা ও ভোটার স্লিপের সঙ্গে অর্থ বিতরণের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ফয়সল আমীন বলেন, অভিযোগের প্রমাণ থাকলে তা রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো উচিত। বিএনপি এ ধরনের কাজ করে না বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে জামায়াতের এক কর্মীকে বিরিয়ানির প্যাকেটের সঙ্গে ভোটার স্লিপ বিতরণের অভিযোগে আটক করা হয়েছে বলে জানান ফয়সল আমীন।
নির্বাচনের ফলাফল মেনে নেবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফয়সল আমীন বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের মতামতকে সম্মান করতে হয়। ফলাফল মেনে না নিলে গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসের প্রশ্ন ওঠে বলেও মন্তব্য করেন তিনি।
আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের ঝুঁকি প্রসঙ্গে বিএনপির প্রার্থী বলেন, আমাদের বিবেচনায় কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয়, আবার সব কেন্দ্রেই ঝুঁকির আশঙ্কা থাকতে পারে। যেসব কেন্দ্রে সমস্যা হতে পারে বলে আমরা মনে করেছি, সেগুলোর তালিকা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। তবে তালিকায় কতটি কেন্দ্র রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
ঠাকুরগাঁও শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি চমৎকার বলে মন্তব্য করেন ফয়সল আমীন। পাশাপাশি কোনো অভিযোগ জনসমক্ষে প্রচারের আগে তা যাচাই করে নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

