সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

নির্যাতনের পর অচেতন ছাত্রলীগ নেতাকে হাসপাতালে রেখে যাওয়ার অভিযোগ, অস্বীকার পুলিশের

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম
নির্যাতনের পর অচেতন ছাত্রলীগ নেতাকে হাসপাতালে রেখে যাওয়ার অভিযোগ, অস্বীকার পুলিশের

শাহনেওয়াজের বাবা শাহরুখ রাজা চৌধুরী জানান, খবর পেয়ে তাঁরা দ্রুত হাসপাতালে যান। পরে ছেলেকে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার ব্যবস্থা না হওয়ায় তাঁকে সুবিদবাজারের কুইন্স নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার দুপুর ১টা পর্যন্ত তাঁর ছেলে অচেতন অবস্থায় চিকিৎসাধীন।

শাহরুখ রাজা চৌধুরী বলেন, তাঁর ছেলে এ বছর সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। এর আগে একটি মামলায় তাঁকে আটক করা হয়েছিল এবং কারাগারে থেকেই তিনি পরীক্ষায় অংশ নেন। বর্তমানে জামিনে থাকা সত্ত্বেও বাসা থেকে ধরে নিয়ে যাওয়ার দুই ঘণ্টার মধ্যে ছেলেকে আহত অবস্থায় হাসপাতালে ফেলে রাখা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাসা থেকে গ্রেপ্তারের আগে শাহনেওয়াজ পুলিশকে বলছেন, ‘স্যার, আমি কয়দিন পর আত্মসমর্পণ করব।’ জবাবে এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘বোকা ছেলের মতো কথা বলো। দুদিন পরে তুমি পাশ করলে আমরা মিষ্টি খাওয়াবো, সমস্যা নাই।’ শাহনেওয়াজ তাঁর ক্যারিয়ার নষ্ট হওয়ার কথা বললে ওই পুলিশ সদস্য বলেন, ‘ক্যারিয়ার তো এমনিই নাই। ক্যারিয়ার তো শেষ হয়ে গেছে।’

থানায় শারীরিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করে ওসি রতন শেখ বলেন, ‘শাহনেওয়াজ চৌধুরীর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। অসুস্থতার কারণ চিকিৎসক নির্ধারণ করবেন।’ এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করেননি।

শাহনেওয়াজের অসুস্থতার বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলী আশরাফ সোহাগ বলেন, আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় আমি হাসপাতালে নেই। এ বিষয়ে বিস্তারিত জানিনা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...