রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এনসিপির ন্যাশনাল স্পোর্টস এলায়েন্সের আত্মপ্রকাশ, দায়িত্ব পাচ্ছেন যারাএল নিনোর প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণামতপার্থক্য প্রকাশে শালীনতা বজায় রাখার আহ্বান সম্পাদক পরিষদেরজেলা ছাত্রদল সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে কমিটি বিলুপ্তখামারে ভাগ্য বদল রাজস্থলীর তরুণ উদ্যোক্তার, পেলেন রাষ্ট্রপতি সম্মাননাহুমকি বাস্তবায়ন চীনের, সম্প্রচার থেকে ‘উধাও’ রিয়াল-এমবাপ্পেব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইকের জন্য নতুন নীতিমালাখুলনায় দোকানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যাবাদাম বিক্রেতা হাসানকে স্কুলে ফিরিয়ে আনলেন ডিসি ফরিদাসাজেকে আবারও দুই পক্ষের ঘণ্টাব্যাপী গুলিবিনিময়
বিজ্ঞাপন

খাদ্যসংকটে লোকালয়ে হনুমান, দোকান থেকে ছিনিয়ে নিচ্ছে বিস্কুট-চিপস

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ এএম
খাদ্যসংকটে লোকালয়ে হনুমান, দোকান থেকে ছিনিয়ে নিচ্ছে বিস্কুট-চিপস

স্থানীয়দের ভাষ্য, আদিকাল থেকে কেশবপুরের ভোগতী, বালিয়াডাঙ্গা, মধ্যকুল, ক্ষতিয়াখালী, সুজাপুর, ব্রহ্মকাটি, আলতাপোল, বায়সা, রামচন্দ্রপুর ও মাগুরাডাঙ্গা এলাকায় কালোমুখো হনুমানের বিচরণ রয়েছে। পাশের মণিরামপুর উপজেলার মুজগুন্নী ও দুর্গাপুর এলাকাতেও তাদের দেখা যায়। কিন্তু এসব এলাকায় বনজ সম্পদ ও প্রাকৃতিক খাদ্যের উৎস কমে যাওয়ায় হনুমান এখন আগের চেয়ে বেশি লোকালয়মুখী হচ্ছে। কেশবপুরের গণ্ডি পেরিয়ে আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিন হনুমানের জন্য ৪৭ কেজি ২০০ গ্রাম কলা, ৬ কেজি ৭০০ গ্রাম পাউরুটি, ৭ কেজি ৩৫০ গ্রাম বাদাম ও ৭ কেজি সবজি সরবরাহ করা হয়। তবে এত খাবার থাকলেও তা সব বিচরণস্থলে পৌঁছানো সম্ভব হচ্ছে না। খাদ্য সরবরাহকারী ভ্যানচালক আতিয়ার রহমান জানান, উপজেলা সদর, হাসপাতাল, বালিয়াডাঙ্গা, ক্ষতিয়াখালী, মাগুরাডাঙ্গা ও বাঁকাবর্শী-নতুনহাট এলাকায় খাবার পৌঁছে দেওয়া হয়। এর বাইরে অন্য এলাকায় নিয়মিত খাবার সরবরাহ করা সম্ভব হয় না।

সম্প্রতি খাবারের সন্ধানে বেরিয়ে আহত একটি হনুমান কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ে এসে মানুষের সাহায্য চাইতে থাকে। স্থানীয় সংবাদকর্মী আব্দুর রহমান কাছে যেতেই হনুমানটি তার কাঁধে উঠে বসে। পরে তিনি দ্রুত পাশের একটি ফার্মেসিতে নিয়ে হনুমানটির চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দেয়। তাদের মতে, খাদ্যসংকট ও বিচরণস্থলের নিরাপত্তাহীনতার কারণে হনুমানগুলো প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে।

কেশবপুর শহরের সাহাপাড়ার খ্রিস্টান মিশন-সংলগ্ন মুদি দোকানি বিশ্বজিৎ বলেন, ‘সম্প্রতি আমাদের এলাকায় হনুমানের সংখ্যা অনেক বেড়েছে। প্রায়ই দোকান থেকে বিস্কুট, পটেটো চিপস ও বাজারের প্যাকেট নিয়ে যায়। আগের তুলনায় অনেক বেশি হনুমান এসেছে। পর্যাপ্ত খাবার না পেয়ে তারা দোকানেও হানা দিচ্ছে। এতে দোকানদারদেরও ভোগান্তি হচ্ছে।’

কেশবপুরে হনুমান দেখতে আসা দর্শনার্থী মিল্টন শেখ বলেন, এখানকার কালোমুখো হনুমান দূর-দূরান্ত থেকে মানুষ এগুলো দেখতে আসে। কিন্তু লোকালয়ে খাবারের জন্য তাদের ছোটাছুটি করতে দেখে খারাপ লাগে। পর্যাপ্ত খাবার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

আরেক দর্শনার্থী সাবেরুল হক বলেন, হনুমানগুলোকে রাস্তাঘাট, দোকানপাট ও মানুষের বাড়িতে খাবারের সন্ধানে ঘুরতে দেখা যাচ্ছে। কেউ খাবার দিচ্ছেন, আবার কেউ তাড়িয়ে দিচ্ছেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বন বিভাগ ও প্রশাসনের উচিত নিয়মিত খাবার সরবরাহের পাশাপাশি তাদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়া।

দর্শনার্থী শারমিন সুলতানা ও মৌলি আক্তারে ভাষ্য মতে, কেশবপুর নাম আসলে সবার আগে কালোমুখি হনুমান নাম আসে। কিন্তু তাদের রক্ষণাবেক্ষণ বা দেখা শোনার অভাবে বিরল প্রজাতি এ হনুমান আজ হুমকিরমুখে পড়েছে।

উপজেলা বন বিভাগের কর্মকর্তা সমীরণ বিশ্বাস বলেন, সম্প্রতি কেশবপুরে হনুমানের সংখ্যা বেড়েছে। ধারণা করা হচ্ছে, বর্তমানে চার শতাধিক হনুমান রয়েছে। আনুষ্ঠানিকভাবে গণনা করা হলে সঠিক সংখ্যা জানা সম্ভব হবে। আমরা চেষ্টা করছি বিরল প্রজাতি এ হনুমানগুলোর সঠিকভাবে দেখাশোনা করার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় হনুমান ছড়িয়ে পড়ছে। উপজেলা প্রশাসন বা বিভিন্ন গবেষণা দলের মাধ্যমে তাদের সংখ্যা ও পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী হনুমানের খাবারের ব্যবস্থা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...