বগুড়ায় দুই প্রতিষ্ঠানে শতভাগ পাস, পাঁচটির সবাই ফেল

বগুড়ায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফলাফল প্রকাশের পর বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার বগুড়ায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি, সেগুলো হলো গাবতলীর তাসলিম উদ্দিন তারাফদার কলেজ ও বাগবাড়ী মডেল মহিলা কলেজ, ধুনটের গোসাইবাড়ী উইমেন্স কলেজ এবং কাহালুর দুর্গাপুর আইডিয়াল উইমেন্স কলেজ ও আল্লামের তাকিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ।
এদিকে বগুড়ায় এবার এইচএসসি পরীক্ষায় ২৬ হাজার ৭৩৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১৪ হাজার ৩৪১ জন। জেলায় সামগ্রিক পাসের হার ৫৩ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩০৯ জন।
জেলায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে মাত্র দুটি প্রতিষ্ঠানে। এগুলো হলো বগুড়া মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ ও বিএএফ শাহীন কলেজ। এর মধ্যে মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজের ২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তবে বিএএফ শাহীন কলেজ থেকে কেউ জিপিএ-৫ পাননি।
অন্যদিকে, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় জেলার কলেজগুলোর মধ্যে শীর্ষে রয়েছে সরকারি আজিজুল হক কলেজ। এ কলেজ থেকে ১ হাজার ৪৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৪৫৫ জন। পাসের হার ৯৮ দশমিক ৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭৪৭ জন, যাঁদের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ৬০০ জন।

