মৃত আ.লীগ নেতার বিরুদ্ধে পুলিশের চার্জশিট

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় মৃত্যুর তিন মাস পর এক প্রয়াত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।
মামলার আসামি আবুল খয়ের ইসরাইল উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি চলতি বছরের ২৯ এপ্রিল মারা যান। অথচ তার মৃত্যুর তিন মাস পর, ৩১ জুলাই দাখিল করা অভিযোগপত্রে তাকে ৫৬ নম্বর আসামি করা হয়েছে।
এ মামলায় সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ মোট ৭৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে জগন্নাথপুর থানা-পুলিশ। এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়েছিল।
মামলার এজাহার ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ নভেম্বর মীরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর মীরপুর বাজারে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে থানায় মামলা করেন। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের ৪৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদেরও আসামি করা হয়।
তবে মামলার এজাহারে আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল খয়ের ইসরাইলের নাম ছিল না। পরে তদন্ত শেষে দাখিল করা অভিযোগপত্রে তাকে ৫৬ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অনিক পাল ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে তিনি অভিযোগপত্র দাখিলের প্রায় তিন মাস আগে মারা যান।

