মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল ১০ বছরের শিশুর

জানা যায়, মিনহা তার মা জুলেখা আক্তার, জমজ বোন ও নানির সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার সকালে চিকিৎসকের পরামর্শ নিতে মা জুলেখা আক্তার তাদের নিয়ে দেবিদ্বার উপজেলা সদরের একটি হাসপাতালে যান। চিকিৎসা শেষে তারা অটোরিকশায় করে নানাবাড়িতে ফিরছিলেন। পথে ছোট শালঘর এলাকায় পৌঁছে তারা অটোরিকশা থেকে নামেন। এ সময় স্বজনেরা অটোরিকশার ভাড়া পরিশোধ করছিলেন। এর মধ্যে মিনহা আগেভাগে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। খবর পেয়ে মিরপুর ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।
মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

