আশুলিয়ায় শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশতাধিক কারখানায় ছুটি

ওই কর্মকর্তা আরও জানান, সকাল ১১টা পর্যন্ত আশুলিয়ার ৫৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কিছু কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বের হয়ে আসেন। তাঁদের অধিকাংশই বাসায় ফিরে না গিয়ে সড়ক ও অলিগলিতে অবস্থান করছেন। এতে বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। পুলিশ তাঁদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
হা-মীম গ্রুপের এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শুধু মজুরি বোর্ড গঠন করলেই হবে না, আমরা এর বাস্তবায়ন চাই। অতি দ্রুত নতুন বেতনকাঠামো ঘোষণা করতে হবে।’
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ‘শ্রমিকেরা তাঁদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন, এটা যেমন সত্য, তেমনি কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের উসকানি দেওয়ার কারণেই আন্দোলন থামছে না এটাও সত্য।’
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিক অসন্তোষের মুখে আজ সকাল ১১টা পর্যন্ত ৫৫টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে অথবা শ্রমিকেরা বের হয়ে গেছেন। শ্রমিকদের সঙ্গে বিভিন্ন স্থানে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে।’

