ফুফাতো-মামাতো ভাইয়ের বিরোধে প্রাণ গেল যুবকের

সিলেটের ওসমানীনগরে পারিবারিক বিরোধের জেরে সাইফুর রহমান (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সোমবার (২ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার শেরপুর টোলপ্লাজাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুর রহমান ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত সেজু মিয়া একই উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মস্তাপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। সম্পর্কে তারা ফুফাতো-মামাতো ভাই।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুর ও সেজুর পরিবারের মধ্যে গত কয়েক মাস ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে শেরপুর টোলপ্লাজার পাশের একটি দোকানে অবস্থান করছিলেন সাইফুর। এ সময় সেজু তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় সাইফুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

