শ্বশুরবাড়িই ছিল জামাতার ইয়াবা মজুতের আস্তানা, ডিবির অভিযানে গ্রেপ্তার ২

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান সবুজ মৃধা। তাঁর বিরুদ্ধে মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ সেলিম ও কহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জামাতা সবুজ মৃধা পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সবুজ মৃধা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে শ্বশুর-শাশুড়ির বাড়িতে মজুত রাখতেন। পরে সেখান থেকে গাড়িতে করে বিভিন্ন এলাকায় এসব ইয়াবা বিক্রি করতেন।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপজেলার চুনাখালী বাজার, চরখালী, কালিবাড়ী ও গোজখালী গ্রামে রাতের আঁধারে মাদক কেনাবেচা চলে। সায়েখ হাওলাদার ও তাঁর ভাই শাহীন হাওলাদার, বাবলু এবং রিনা বেগম নামের কয়েকজন এসব মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ। তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক সবুজ মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার দুজনকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

