লোগো
Advertisement

পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২

নিজস্ব প্রতিবেদক ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম
Advertisement

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মো. শাকিল (২১) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা ইউসুফ ও রুমা নামে আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পায়রা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিবাহের চর এলাকার আবুল কালাম সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অভিমানের জেরে শাকিল বিষপান করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে গলাচিপা থেকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে পায়রা পেট্রোল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা শাকিলসহ তিনজন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় শাকিলকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও সংবাদ লোড হচ্ছে...