হামজার সঙ্গে খেলতে মুখিয়ে মাহি খান

অনূর্ধ্ব-২০ দল পেরিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন মাহি। তবে তাঁর বাড়তি রোমাঞ্চিত হওয়ার কারণ হামজার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার হাতছানি। শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা অবশ্য যোগ সাফের মাঝপথে। তবে তাঁর সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে তর সইছে না মাহির। সাংবাদিকদের তিনি বলেন, ‘খুবই রোমাঞ্চিত আমি। ছোট থেকেই লেস্টারে হামজার খেলা দেখছি। কারণ, লেস্টার আমাদের বাসার কাছেই। সেই ছোটবেলা থেকে যাঁকে দেখে আসছি, এখন সুযোগ এসেছে তাঁর সঙ্গে খেলার। তাঁর মতো অভিজ্ঞ ও শীর্ষ পর্যায়ের ফুটবলারের সঙ্গে খেলতে পারা দারুণ সম্মানের। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারব।’
মাত্র ১৮ বছর বয়সে জাতীয় সিনিয়র দলের ক্যাম্পে ডাক পাওয়া মাহির পরিবারের জন্যও বড় এক আনন্দের উপলক্ষ। নিজের অনুভূতি জানিয়ে মাহি বলেন, ‘আমি ভীষণ গর্বিত। মাত্র ১৮ বছর বয়সেই জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছি। পরিবারের সবাইও খুব খুশি। এখন আমাদের কঠোর পরিশ্রম করার সময় এবং ইনশা আল্লাহ আমরা সাফ জিতব।’

