কোরিয়ার কাছেও পাঁচ গোল খেল বাংলাদেশ

কখনো ১৩ গোল, কখনো ৬— এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে বড় পরাজয়ের ধাক্কা সামলাতে পারছে না বাংলাদেশ। ভারতের বিপক্ষে টুর্নামেন্ট শুরু হয়েছিল ১৩ গোল হজম করে। জাপানের সঙ্গে লড়াইটা জমিয়ে তুললেও পরের দুই ম্যাচে আবার বড় ব্যবধানে হার। আজ দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে ৫-০ গোলে ।
আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসে সপ্তম হয়েছিল বাংলাদেশ। সেই আসরে পদক বা কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ না হলেও পাকিস্তান ভারতের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আগ্রহী না হওয়ায় এই টুর্নামেন্টে খেলার সুযোগ পায় তারা। কিন্তু সুযোগ কাজে লাগানোর বদলে বড় ব্যবধানের হারের অভিজ্ঞতাই বেশি হচ্ছে বাংলাদেশের।
ভারতের জলন্ধরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে এক গোল হজমের পর দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করে কোরিয়া। বিরতির পরও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোলের পর শেষ কোয়ার্টারে পঞ্চম গোলটি হজম করে তারা।
অথচ জাপানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আশার আলো দেখিয়েছিল বাংলাদেশ। এশিয়ান গেমসে ১০ গোলের ব্যবধানে হারা দলটি এবার জাপানের কাছে হেরেছিল মাত্র ১-০ গোলে। কিন্তু সেই লড়াইয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। মালয়েশিয়ার কাছে ৬-১ গোলের হারের পর কোরিয়ার বিপক্ষে ব্যবধানটা দাঁড়াল ৫-০।
আগামীকাল চীনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। পাঁচ ম্যাচ শেষে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। বাকি দুই দল লড়বে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। বড় কোনো অঘটন না ঘটলে বাংলাদেশের সামনে এখন সেই লড়াইয়ের প্রস্তুতিই।

