মাঠে ভয়াবহ সংঘর্ষ, মৃত্যুর মুখ থেকে ফিরলেন এই ফুটবলার

মাঠের পরিস্থিতি মুহূর্তেই বদলে যায়। দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দে মিগুয়েলের কয়েকজন সতীর্থের চোখে দেখা যায় অশ্রু। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ওওনোকে লাল কার্ড দেখানোর পরপরই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি ম্যানুয়েল পেরেজ।
স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় দে মিগুয়েলের। এ সময় জরুরি চিকিৎসা দিয়ে তাঁকে পুনরুজ্জীবিত করেন প্যারামেডিকরা। পরে তাঁকে নুয়েস্ত্রা সেনিওরা দে ক্যান্ডেলারিয়া ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
সিডি টেনেরিফ জানিয়েছে, মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়েছেন দে মিগুয়েল। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। ভয়াবহ দুর্ঘটনার পর এই খবর কিছুটা স্বস্তি ফিরিয়েছে ক্লাব ও সমর্থকদের মধ্যে।
দে মিগুয়েলের দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে এফসি আন্দোরা। ক্লাবর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আজকের ম্যাচে গুরুতর দুর্ঘটনার শিকার যিশু দে মিগুয়েলের প্রতি আমরা আমাদের সর্বোচ্চ শক্তি ও শুভকামনা জানাতে চাই। আশা করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’
স্পেনের বিভিন্ন লিগের ক্লাবও দে মিগুয়েলের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছে রেকর্ডসংখ্যক শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ, এফসি ভ্যালেন্সিয়া ও রায়ো ভায়েকানোসহ বেশ কয়েকটি ক্লাব।

