দেশে যত্রতত্র গড়ে ওঠা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না। বর্তমানে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বা অনিয়মের প্রমাণ পাওয়া যাবে, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। একই দিন সকালে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনেও ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিষয়ে কথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের সময়ে দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অনুমোদন থাকা প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে।
তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ‘ফ্যাসিস্টদের’ একটি পক্ষ দেশের প্রভাব প্রতিবেশী রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে এবং গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করতে চায়। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল কালাম আজাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


