লোগো
Advertisement

‘কুত্তার মতো পিটিয়ে’ ছাত্রদলকে রাজশাহী ছাড়ার হুমকি দিলেন শিবির নেতা

নিজস্ব প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ এএম
Advertisement

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে সংঘর্ষের ঘটনার পর ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সংঘর্ষের কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সংগঠনের নেতারা পৃথক বক্তব্যে একে অপরকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে সাহেববাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হলে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্য দেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির।

সমাবেশে তিনি দাবি করেন, ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা আর মেনে নেওয়া হবে না। একই সঙ্গে ছাত্রদলের উদ্দেশে কড়া হুঁশিয়ারিমূলক বক্তব্য দেন তিনি।

এর জবাবে রাতেই শহীদ মিনার এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদলের রাজশাহী মহানগরের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)। তিনি বলেন, ছাত্রদলকে নিয়ে এমন বক্তব্য কোনো দায়িত্বশীল নেতার মুখে মানায় না। রাজশাহীতে ছাত্রদলের সাংগঠনিক অবস্থান শক্তিশালী বলেও দাবি করেন তিনি।

এমদাদুল হক অভিযোগ করেন, পদ্মা সরকারি কলেজের সংঘর্ষে ছাত্রশিবিরের সঙ্গে বহিরাগতরাও অংশ নিয়েছিল এবং ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। তবে ছাত্রদল কেবল আত্মরক্ষার্থে প্রতিরোধ গড়ে তুলেছে বলেও দাবি করেন তিনি।

এর আগে মঙ্গলবার সকালে পদ্মা সরকারি কলেজে ভর্তি কার্যক্রম উপলক্ষে স্থাপিত একটি হেল্পডেস্কের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে দুই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে ছাত্রশিবিরের তিনজন এবং ছাত্রদলের দুজনসহ মোট পাঁচজন আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন, সকালে ঘটে যাওয়া ঘটনাটি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরের বিভিন্ন এলাকায় পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে।

আরও সংবাদ লোড হচ্ছে...