লোগো
Advertisement

হিলিতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পিএম
Advertisement

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত আরও দুই আসামি পলাতক রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) দুপুরের পর গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাকিমপুর উপজেলার ধরন্দা (ফকিরপাড়া) এলাকার মৃত খালেক মণ্ডলের ছেলে রুহুল আমিন (৪২) এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে শুকুর আলী (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত উপজেলার পালপাড়া এলাকায় ওই কিশোরীকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে ওই কিশোরীকে ব্ল্যাকমেইল করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার একপর্যায়ে স্থানীয় লোকজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং আটক দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে হাকিমপুর থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও আরও দুজনকে আসামি করা হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, গত ৩ অক্টোবর রাতে পালপাড়া এলাকায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে স্থানীয়রা দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

তিনি জানান, মামলার এজাহারভুক্ত অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ লোড হচ্ছে...