লোগো
Advertisement

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম
Advertisement

চুয়াডাঙ্গায় বাস-মিনিবাস শ্রমিকদের ওপর হামলা, মারধর ও মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে পাঁচটি আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এ কর্মসূচি পালন করছেন চুয়াডাঙ্গা মোটরযান শ্রমিক ইউনিয়ন ও বাসচালকেরা।

হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চুয়াডাঙ্গা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে আন্তঃজেলা ও দূরপাল্লার যাত্রীরা পড়েছেন বেশি বিপাকে। অনেক যাত্রীকে গন্তব্যে যেতে ইজিবাইকসহ বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে।

শ্রমিকদের অভিযোগ, রোববার (২৭ সেপ্টেম্বর) দামুড়হুদার ফকিরপাড়ায় থ্রি-হুইলার ইজিবাইক ও পাখিভ্যানচালকদের সঙ্গে লোকাল বাস শ্রমিকদের বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে বাস শ্রমিকদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে বাস শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

শ্রমিকদের আরও অভিযোগ, পরে ইজিবাইকচালকেরা ব্যারিকেড দিয়ে মহাসড়কে লোকাল বাস আটকে রাখেন। এতে প্রায় পাঁচ ঘণ্টা বাস চলাচল ব্যাহত হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সকাল থেকে জেলার পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন বাসস্ট্যান্ড ও সড়কের পাশে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। কেউ কেউ বাধ্য হয়ে ইজিবাইক বা অন্য ছোট যানবাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এতে যাতায়াতে সময় ও খরচ দুটোই বাড়ছে বলে জানিয়েছেন যাত্রীরা।

বাসের অপেক্ষায় থাকা যাত্রী শফিকুর রহমান বলেন, “বাস চলাচল বন্ধ থাকায় এখন ইজিবাইকে করে যেতে হবে। এতে সময় ও টাকা দুটোই বেশি লাগবে। এভাবে বাস বন্ধ থাকলে সাধারণ যাত্রীদেরই বেশি দুর্ভোগ পোহাতে হবে।”

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পরিবহন শ্রমিকদের ওপর হামলা এবং মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদেই শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। মহাসড়কে ইজিবাইকের এ ধরনের চলাচল ও নিয়ন্ত্রণহীনতা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।

তিনি জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় শ্রমিক ও বাস মালিক ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় চলমান কর্মসূচি নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় চুয়াডাঙ্গা থেকে বিভিন্ন আন্তঃজেলা রুটে চলাচলকারী যাত্রীরা দ্রুত সমস্যার সমাধান করে গণপরিবহন স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

আরও সংবাদ লোড হচ্ছে...