লোগো
Advertisement

নাইজেরিয়ায় তেল চুরির চেষ্টা, বিষাক্ত ধোঁয়ায় নিহত অন্তত ৪৩

নিজস্ব প্রতিবেদক ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ এএম
Advertisement

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে এসে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার একটি জেটিতে মধ্যরাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নদীতে পড়ে ডুবে যাওয়াসহ আরও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

জানা গেছে, ওক্রিকা এলাকার ওকারি জেটিতে রপ্তানির উদ্দেশ্যে একটি জাহাজে পেট্রোলিয়ামজাত পণ্য তোলা হচ্ছিল। এ সময় ওক্রিকা ও আশপাশের এলাকার দুই শতাধিক তরুণ কাঠের নৌকায় করে সেখানে যান। অভিযোগ রয়েছে, তারা স্থাপনাটির সঙ্গে সংযুক্ত একটি পাইপলাইনের অবৈধ ট্যাপিং পয়েন্ট থেকে পেট্রোলিয়ামজাত পণ্য সংগ্রহের চেষ্টা করছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নৌকায় পেট্রোলিয়ামজাত পণ্য তোলার সময় হঠাৎ ঘন বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজন জ্ঞান হারান। এ সময় আতঙ্কে কেউ কেউ নদীতে পড়ে ডুবে যান।

রিভার্স প্রদেশ পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে জানান, ঘটনাটির প্রকৃত কারণ এবং হতাহতের সঠিক সংখ্যা নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।

নাইজার ডেল্টাভিত্তিক পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার (ইয়েক-নাইজেরিয়া) একাধিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে ফাইনফেসের দাবি, নিহতরা একটি পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য সরিয়ে নেওয়ার জন্য অবৈধভাবে ট্যাপিং পয়েন্টে পাইপ সংযুক্ত করেছিলেন।

তিনি বলেন, পাইপলাইনের ভেতর দিয়ে উচ্চচাপে পেট্রোলিয়ামজাত পণ্য প্রবাহিত হওয়ার সময় সেগুলো অপেক্ষমাণ নৌকায় তোলার চেষ্টা করা হচ্ছিল। এ সময় নির্গত বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে এসে অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরে নদীতে বেশ কয়েকটি মরদেহ ভাসতে দেখা যায়। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।

ওই পাইপলাইনের মাধ্যমে ইন্দোরামা এলেমে পেট্রোকেমিক্যালস এলাকা থেকে পোর্ট হারকোর্ট শোধনাগার করিডোর হয়ে রপ্তানির জন্য জাহাজে পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহ করা হয়।

তেলসমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে দীর্ঘদিন ধরেই অপরিশোধিত তেল চুরি, অবৈধ শোধনাগার পরিচালনা এবং পেট্রোলিয়ামজাত পণ্য পাচারের ঘটনা ঘটছে। এসব অপরাধ দমনে রিভার্স প্রদেশসহ আশপাশের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী।

নাইজেরিয়ার সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে রিভার্স, ডেল্টা ও আকওয়া ইবোম প্রদেশে অভিযান চালিয়ে ১০টি অবৈধ তেল শোধনাগার ধ্বংস করা হয়। এ সময় তেল চুরির অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয় এবং এক লাখ ৩০ হাজার লিটারের বেশি চোরাই অপরিশোধিত তেল ও ২৬ হাজার লিটারের বেশি অটোমোটিভ গ্যাস অয়েল জব্দ করা হয়।

এর আগে গত ২৮ আগস্ট রিভার্স প্রদেশে পৃথক এক অভিযানে দুটি অবৈধ তেল শোধনাগার ধ্বংস এবং প্রায় ৩৪ হাজার লিটার সন্দেহভাজন অবৈধভাবে পরিশোধিত অটোমোটিভ গ্যাস অয়েল জব্দের কথা জানিয়েছিল নাইজেরিয়ার নৌবাহিনী।

আরও সংবাদ লোড হচ্ছে...