চুয়াডাঙ্গায় ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান চালক-মালিকদের সংগঠিত করে শৃঙ্খলার আওতায় আনতে নবগঠিত সমবায় সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সদস্যদের পরিচয়পত্রের আওতায় আনা, নিয়ম-শৃঙ্খলা মেনে চলা এবং বিপদে সদস্যদের সহায়তায় একটি নিজস্ব তহবিল গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বুধবার বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে চুয়াডাঙ্গা জেলা ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান চালক-মালিক সমবায় সমিতির উদ্যোগে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
এর আগে সমিতির সদস্যরা ইজিবাইক নিয়ে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে একটি র্যালি বের করেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার ও কোর্টমোড় হয়ে সাহিত্য পরিষদ চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠান শুরুর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, সংগঠনের মাধ্যমে ইজিবাইকসহ অন্যান্য যানবাহনের চালকেরা একটি কাঠামোর আওতায় এসেছেন। তবে সংগঠনকে কার্যকর ও শক্তিশালী করতে হলে সবাইকে নিয়মতান্ত্রিকভাবে এর সঙ্গে যুক্ত হতে হবে।
তিনি বলেন, সমিতির প্রতিটি সদস্যের পরিচয় নিশ্চিত করতে পরিচয়পত্রের ব্যবস্থা করা প্রয়োজন। এজন্য চালকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে।
চালকদের বিভিন্ন সময় আর্থিক সংকটে পড়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সদস্যদের বিপদে পাশে দাঁড়াতে সমিতির নিজস্ব অর্থনৈতিক তহবিল থাকা জরুরি। মাসিক কিংবা সাপ্তাহিক ভিত্তিতে সদস্যদের নির্দিষ্ট পরিমাণ অর্থ জমার মাধ্যমে এমন একটি তহবিল গড়ে তোলা যেতে পারে।
শরীফুজ্জামান শরীফ আরও বলেন, একটি সংগঠন শুধু সদস্যদের অধিকার ও স্বার্থ রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। সংগঠনের সদস্যদের সামাজিক ও নৈতিক দায়বদ্ধতাও রয়েছে। কোনো চালকের মাধ্যমে যাতে কোনো ধরনের সামাজিক অপরাধ সংঘটিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চালকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধান অতিথি। তিনি বলেন, অতীতে চুয়াডাঙ্গায় রিকশাচালক শ্রমিকদের একটি সংগঠন ছিল। সময়ের পরিবর্তনের সঙ্গে প্রচলিত রিকশার ব্যবহার কমেছে এবং বর্তমানে ইজিবাইককেন্দ্রিক নানা সমস্যা সামনে এসেছে।
ইজিবাইক ও বাসচালকদের মধ্যে বিভিন্ন সময় সৃষ্ট বিরোধের কথা উল্লেখ করে তিনি এসব সমস্যা সমাধানে জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, সবাইকে শৃঙ্খলার মধ্যে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখারও আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক ও সমিতির উপদেষ্টা সেলিমুল হাবিব সেলিম এবং চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সমিতির উপদেষ্টা জাহেদ মোহাম্মদ রাজিব খান।
চুয়াডাঙ্গা জেলা ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান চালক-মালিক সমবায় সমিতির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জুয়েল রানা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সমিতির উপদেষ্টা সাইদুর রহমান বিজন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমিতির ৯১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আবু সাঈদকে সভাপতি, মঞ্জুরুল হককে সিনিয়র সহসভাপতি, জুয়েল রানাকে সাধারণ সম্পাদক এবং আবু তালেবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


