সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশটিতে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়। খবর আল-জাজিরার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে মার্কিন নাগরিক ও দেশটির স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। পাশাপাশি সশস্ত্র সংঘাত ও সন্ত্রাসবাদের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সৌদি আরব থেকে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে দেশটির স্থানীয় আইন না জানার কারণে মার্কিন নাগরিকরা ঝুঁকিতে পড়তে পারেন বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
সৌদি আরবের কয়েকটি নির্দিষ্ট এলাকায় নিরাপত্তাঝুঁকি তুলনামূলক বেশি উল্লেখ করে সেসব অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে সৌদি আরবের প্রতিবেশী ইয়েমেনের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা ‘লেভেল ৪—ভ্রমণ করবেন না’ বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির নিরাপত্তা পরিস্থিতির কারণে এই সতর্কতা আগে থেকেই কার্যকর রয়েছে।
সৌদি আরব ও ইয়েমেনকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের নতুন এই ভ্রমণ সতর্কতা সামনে এলো।


