যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসী হামলা ৯/১১-এর ২৫ বছর পূর্তিতে নিহতদের স্মরণ করেছে দেশটি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ওয়াশিংটনের পেন্টাগন এবং পেনসিলভেনিয়ার শ্যাঙ্কসভিল এলাকায় পৃথক কর্মসূচির মধ্য দিয়ে হামলায় নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
স্মরণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, জো বাইডেন, বারাক ওবামা ও বিল ক্লিনটন। অনুষ্ঠানে সাবেক ফার্স্ট লেডিরাও অংশ নেন।
অনুষ্ঠানগুলোতে হামলায় নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। একই সঙ্গে প্রায় তিন হাজার নিহত মানুষের নাম পাঠ করা হয়।
পেন্টাগনে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তার সঙ্গে ছিলেন মন্ত্রিসভার সদস্যরা এবং ৯/১১ হামলার সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা কন্ডোলিৎসা রাইস।
অন্যদিকে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হামলায় নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তারাও এতে অংশ নেন।
পেন্টাগনের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ৯/১১ হামলায় নিহতদের স্মরণ করেন এবং বলেন, ২৫ বছর আগে তাদের নামে যে অঙ্গীকার করা হয়েছিল, তা নতুন করে স্মরণ করার সময় এসেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের কখনো ভুলবে না এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।
ট্রাম্প তার বক্তব্যে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, “ইসলামি প্রজাতন্ত্রের কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না।”
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রে চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করা হয়। এর মধ্যে দুটি বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে এবং একটি পেন্টাগনে আঘাত হানে। অপর একটি বিমান পেনসিলভেনিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন।
দুই যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও ৯/১১-এর সেই ঘটনা এখনো যুক্তরাষ্ট্রের জাতীয় স্মৃতিতে গভীরভাবে জড়িয়ে আছে। প্রতি বছর হামলার বার্ষিকীতে নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।


