লোগো
Advertisement

চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খানকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম
Advertisement

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে বদলিজনিত কারণে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
মোহাম্মদ রুহুল কবীর খান গত ১৬ মার্চ ২০২৬ সালে চুয়াডাঙ্গার ৩১তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কাজ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ সুপার রুহুল কবীর খান পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমে সাফল্য এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম আরও গতিশীল হয়েছে।
সম্প্রতি তাঁকে চুয়াডাঙ্গা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
বিদায় সংবর্ধনায় সহকর্মীরা তাঁর কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তাঁরা পুলিশ সুপার রুহুল কবীর খানকে একজন মানবিক, সৎ, মেধাবী, দক্ষ ও পরিশ্রমী কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন।
বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান দায়িত্ব পালনে সহযোগিতার জন্য চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্য, সিভিল স্টাফ এবং আউটসোর্সিংয়ে কর্মরতদের প্রতিও তিনি ধন্যবাদ জানান।
তিনি বলেন, চুয়াডাঙ্গায় দায়িত্ব পালন তাঁর কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা দায়িত্ব পালনে তাঁকে উৎসাহিত করেছে। ভবিষ্যতেও তিনি চুয়াডাঙ্গার মানুষের কল্যাণ কামনা করেন।
এ সময় তিনি নবাগত পুলিশ সুপারকে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মো. সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাস, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, আরআই, টিআইসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ লোড হচ্ছে...