লোগো
Advertisement

মাদকের টাকা জোগাতে ১১ মাসের শিশুকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে, দুই মাস পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম
Advertisement

মাদকের টাকা জোগাড় করতে নিজের ১১ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। প্রায় দুই মাস পর শিশুটিকে উদ্ধার করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় শিশুটির বাবাসহ চারজনকে আটক করা হয়েছে।
রোববার রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া এলাকার সোলের মোড় থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
পুলিশ জানায়, শিশুটির বাবা সাদুল্লাপুর উপজেলার মন্দুয়ার গ্রামের হামিদুল মিয়া (৩৩) প্রথমে তার মেয়েকে ৩১ হাজার টাকায় বাসচালকের সহকারী আব্দুল মজিদ সরকারের (৩৬) কাছে বিক্রি করেন। পরে আব্দুল মজিদ ও তার ফুফাতো বোন মোরশেদা বেগম (৪৫) শিশুটিকে ৪০ হাজার টাকায় ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের নিঃসন্তান দম্পতি শহিদুল ইসলাম ও তার স্ত্রী জেসমিন আক্তারের (২৮) কাছে বিক্রি করে দেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা হামিদুল মিয়া, সদর উপজেলার উত্তর কোমরপুর গ্রামের আব্দুল মজিদ সরকার, ফুলছড়ির মদনেরপাড়া এলাকার মোরশেদা বেগম এবং শহিদুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তারকে আটক করা হয়েছে।
শিশুটির মা রুমানা আক্তারের অভিযোগ, গত ১৭ জুলাই জুস কিনে দেওয়ার কথা বলে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন হামিদুল। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। দুই দিন পর ফোন করে মেয়েকে ফেরত দেওয়ার বিনিময়ে ১০ হাজার টাকা দাবি করেন হামিদুল। টাকা না পাওয়ায় পরে শিশুটিকে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ করেন রুমানা।
ঘটনার পর শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশের কাছে যান তিনি। পরে শিশুটির বাবার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালায় ডিবি পুলিশ। একপর্যায়ে ফুলছড়ির মদনেরপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব জানান, শিশুটিকে উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও সংবাদ লোড হচ্ছে...