শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১ধর্মীয় বক্তা মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারীহ্যাকিংয়ে চুরি হওয়া সম্পদের ৯০ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সেরচোখে আলো নেই, তবুও জিপিএ-৫ পেলেন মৌমিপ্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সংবর্ধনা অনুষ্ঠানে ‘অশ্লীল’ নৃত্য, ছাত্রদলের কমিটি বিলুপ্তসিংহীমারী গ্রামে শিশুর কণ্ঠে লোকসংস্কৃতি বাঁচানোর লড়াইঘিওরের জাবরা বাজারে মরমি সুরে শেষ হলো ৯ দিনের বাউল মেলা
বিজ্ঞাপন

‘খুনি নই, প্রেমিক’ কিং ছবির নতুন পোস্টারে শাহরুখের চমক

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম
‘খুনি নই, প্রেমিক’ কিং ছবির নতুন পোস্টারে শাহরুখের চমক

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। এবার সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করে আলোচনায় এসেছেন এই অভিনেতা। পোস্টারে তার রুক্ষ ও রহস্যময় চেহারার পাশাপাশি একটি সংলাপও নজর কেড়েছে। আর সেই সংলাপ ঘিরেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

মঙ্গলবার সকালে প্রকাশিত পোস্টারে শাহরুখকে দেখা গেছে এক ভিন্ন রূপে। পাকা চুল, মুখভর্তি দাড়ি, রক্তের দাগ আর গম্ভীর অভিব্যক্তিতে ধরা দিয়েছেন তিনি। অ্যাকশনধর্মী আবহের এই পোস্টারের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সংলাপ- ‘খুনি নই, প্রেমিক’। বিপজ্জনক এক চরিত্রের এমন বক্তব্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে সিনেমাটি ঘিরে।

পোস্টারের সংলাপটি শাহরুখ অভিনীত ১৯৯৯ সালের সিনেমা ‘বাদশাহ’র জনপ্রিয় গানের কথাও মনে করিয়ে দিয়েছে। ওই সিনেমার গানে ছিল, ‘আমি প্রেমিক, আবার খুনিও।’ নতুন পোস্টারের সংলাপে সেই গানের কথার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অনেক ভক্ত। তাদের মতে, পুরোনো সিনেমার স্মৃতি ফিরিয়ে এনে নতুন ছবির প্রচারে ভিন্ন মাত্রা যোগ করেছেন নির্মাতারা।

‘কিং’-এর পোস্টারে শাহরুখ খান। ছবি: শাহরুখ খানের ফেসবুক থেকে
‘কিং’-এর পোস্টারে শাহরুখ খান। ছবি: শাহরুখ খানের ফেসবুক থেকে

এর আগে ‘কিং’-এর নাম ঘোষণার ভিডিও প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়। সেখানে রুপালি চুলে ভয়ংকর এক চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। ভিডিওতে তার সংলাপ ছিল, ‘শত দেশে বদনাম, দুনিয়া দিয়েছে শুধু একটাই নাম- কিং।’ সেই ঝলকেই স্পষ্ট হয়েছিল, পরিচিত রোমান্টিক নায়কের গণ্ডি পেরিয়ে এবার অন্য ধরনের চরিত্রে হাজির হতে যাচ্ছেন তিনি।

এক অনুষ্ঠানে নিজের চরিত্র প্রসঙ্গে শাহরুখ জানিয়েছিলেন, ‘কিং’-এ তাকে অন্ধকার ও ধূসর বৈশিষ্ট্যের একটি চরিত্রে দেখা যাবে। চরিত্রটি নির্মম এবং গল্পের প্রয়োজনে মানুষ হত্যাও করে। ফলে নতুন পোস্টারের ‘খুনি নই, প্রেমিক’ সংলাপটি চরিত্রটির কোন দিক তুলে ধরছে, তা জানতে আগ্রহী দর্শকরা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জিসহ আরও অনেকে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত ছবিটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শাহরুখের জন্মদিন ২ নভেম্বর। গত বছর নিজের ৬০তম জন্মদিনে ‘কিং’-এর প্রথম ঝলক প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছিলেন তিনি। এবার জন্মদিনের আগে নতুন পোস্টার প্রকাশের পর ভক্তদের প্রত্যাশা আরও বেড়েছে। জন্মদিন উপলক্ষে ছবিটির নতুন কোনো প্রচারমূলক ঝলক প্রকাশ করা হয় কি না, এখন সেই অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

দীর্ঘদিনের রোমান্টিক নায়ক পরিচয়ের পাশাপাশি অ্যাকশনধর্মী চরিত্রেও নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন শাহরুখ। ‘কিং’-এ দুই ধরনের বৈশিষ্ট্যের মিশেলে তার অভিনয় দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, তার উত্তর মিলবে সিনেমাটি মুক্তির পরই।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...