কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়ে আর চুপ থাকতে পারেননি তানজিন তিশা। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দেন। তিশা জানান, তাঁর ক্যারিয়ার এবং অর্জন ধ্বংস করে দেওয়ার জন্যই পরিকল্পনা করে এমনটা করা হচ্ছে। স্ট্যাটাসে তিনি আরও প্রশ্ন তোলেন, অভিযোগের ভিত্তিতে কি কাউকে দোষী সাব্যস্ত করা যায়? নাকি সত্য-মিথ্যার বিচার হওয়া উচিত আদালতে? তাঁর ভাষ্য, এ ঘটনায় অনেক প্রশ্নের উত্তর ও তথ্যপ্রমাণ তাঁর কাছে রয়েছে। তবে সেসব সত্য ও প্রমাণ মানুষের সামনে তুলে ধরবে কে—আদালত, নাকি দায়িত্বশীল সাংবাদিকতা, সেই প্রশ্নও রেখেছেন তিনি।
অন্যদিকে, তিশা অভিনীত সোলজার সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তার গুঞ্জন ছড়িয়েছে। প্রায় এক মাস ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। গত এক বছরে দফায় দফায় শিল্পীদের শিডিউল নিলেও পরিচালক শুটিং শেষ করতে না পারায় সিনেমাটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শিল্পী ও টেকনিশিয়ানদের পারিশ্রমিক বকেয়ার কথা প্রকাশ্যে এসেছে। আরও অভিযোগ উঠেছে, সিনেমা শেষ না করে সেই অর্থ দিয়ে ফ্ল্যাট কিনেছেন পরিচালক সাকিব ফাহাদ। এমনকি, শুটিংয়ে খাবার সরবরাহ করা ধানমন্ডির শেফ বাংলা ক্যাটারিংয়ের লক্ষাধিক টাকা বকেয়া পরিশোধ করা হয়নি।

