‘ফেউ’ মুক্তির ঘোষণায় স্বস্তিতে মোস্তাফিজুর নূর ইমরান

পুরো সিরিজের শুটিং হয়েছিল একসঙ্গে। কথা ছিল প্রথম সিজন মুক্তির রেশ থাকতে থাকতেই আসবে দ্বিতীয় সিজন। তবে ২০২৫ সালের ৩০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ‘ফেউ’ সিরিজের প্রথম সিজন মুক্তির পর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না পরের সিজনের। এ নিয়ে হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছিলেন সিরিজের অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। অবশেষে সিরিজের দ্বিতীয় মৌসুমের আনুষ্ঠানিক ঘোষণার পর স্বস্তি প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, এবার আসল মজা দেখতে পারবেন দর্শক।
অক্টোবরের শুরুতেই জানা গিয়েছিল, এ বছরেই আলোর মুখ দেখবে ফেউ সিরিজের পরবর্তী অংশ। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টার প্রকাশ করে চরকি জানিয়েছে, শিগগিরই আসছে দ্বিতীয় মৌসুম। এর নাম দেওয়া হয়েছে ‘ফেউ কমপ্লিট সাগা’। এটি দিয়েই শেষ হবে সুকর্ণ শাহেদ ধীমান পরিচালিত এই সিরিজের গল্প। ফেউয়ের দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে চাইলে মোস্তাফিজুর নূর ইমরান বলেন, ‘এটি অনেক স্বস্তির খবর। এবার আসল মজাটা দেখা যাবে। ফেউ একটা দারুণ এক্সপেরিয়েন্স। গল্পটি এবার একসঙ্গে পুরোটা দেখা যাবে। আশা করি দর্শক তৃপ্তি পাবেন।’

