স্লোভেনিয়ায় বাংলাদেশিসহ ১৪৭ অভিবাসী আটক

ইউরোপের দেশ স্লোভেনিয়ায় অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বাংলাদেশিসহ ১৪৭ জন অভিবাসীকে আটক করেছে পুলিশ। চলতি মাসের ১৬ থেকে ১৯ অক্টোবরের মধ্যে দেশটির ব্রেজিসে ও চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিবাসী ও শরণার্থীবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টসের এক প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তাদের বিরুদ্ধে পুলিশের আইনি প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।
ব্রেজিসে পুলিশ স্টেশন এলাকার ওব্রেজে, দোবোভা, রিগোনৎসে, ভেলিকি ওব্রেজ, কাপেলে ও লোচে অঞ্চলে অভিযান চালিয়ে ৮১ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে ২৯ জন আফগানিস্তানের, ১২ জন মিশরের, ১০ জন পাকিস্তানের, সাতজন বাংলাদেশের, পাঁচজন সুদানের, চারজন নেপালের, দুজন আলজেরিয়ার, দুজন জর্ডানের, দুজন ইয়েমেনের, চারজন ইরাকের, দুজন সোমালিয়ার এবং একজন করে মরক্কো ও ফিলিস্তিনের নাগরিক রয়েছেন।

