নেপালে একাধিক সাংবাদিক আটক, বার্তাকক্ষে পুলিশের অভিযান

অন্যদিকে, ‘নয়া পত্রিকা’ ডেইলিতে সম্পাদক খগেন্দ্র পন্ত ও নবরাজ ময়নালী একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে দাবি করা হয়, ইনাম সাপকোটা নামে এক প্রভাবশালী ব্যক্তি দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি হরি প্রসাদ ফুয়ালের সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের স্বার্থসংশ্লিষ্ট একটি মামলা খারিজ করার অনুরোধ জানিয়েছিলেন। ওই প্রতিবেদন প্রকাশের পর অভ্যন্তরীণ নানা টানাপোড়েনের মধ্যে থাকা নেপালের বিচার বিভাগে ব্যাপক তোলপাড় শুরু হয়।
এই ঘটনার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের কার্যালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, সাংবাদিকদের আটক বা নিউজরুমে অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রী আগে থেকে কিছুই জানতেন না। বিষয়টি জানার পরই আটক সাংবাদিকদের দ্রুত মুক্তি দেওয়ার এবং নিউজরুমে পুলিশি প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা দেওয়া হয়।
ক্ষমতাসীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-ও এই পদক্ষেপের সমালোচনা করেছে। দলের মুখপাত্র জগদীশ খরেল জানান, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হেনস্তা বা গ্রেপ্তার করা সংবিধান প্রদত্ত প্রেস স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের পরিপন্থী।
নেপালের আধাসংযোজিত ও বিধিবদ্ধ সংস্থা ‘প্রেস কাউন্সিল নেপাল’ এক কড়া বিবৃতিতে এই পুলিশি অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। কোনো সুনির্দিষ্ট কারণ, গ্রেপ্তারি পরোয়ানা বা আদালতের অনুমতি ছাড়া ছুটির দিনের আগে সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে সংস্থাটি ‘গভীর উদ্বেগজনক’ হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়, সংবাদ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা সমাধানের নির্দিষ্ট আইনি এখতিয়ার প্রেস কাউন্সিলের রয়েছে। সরাসরি পুলিশ পাঠিয়ে সাংবাদিকদের ভয় দেখানোর বদলে নির্ধারিত আইনি পথ অনুসরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে নেপালে মূলধারার সংবাদমাধ্যমের বিজ্ঞাপন বন্ধ করা এবং প্রেস কাউন্সিলকে এড়িয়ে সাইবার ব্যুরোর মাধ্যমে সাংবাদিকদের ওপর সরাসরি চাপ সৃষ্টি করার একাধিক অভিযোগ উঠে এসেছে।
তথ্যসূত্র:দ্য ওয়্যার

